নাহিদ হাসান, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা উন্মোচন
২১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা (এসএসসি)। বরাবরের ন্যায় এবারও মেঘনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নিতে যাচ্ছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। নতুন শিক্ষামন্ত্রীর সিসিটিভির ভয় কাটিয়ে পরীক্ষায় বসার প্রস্তুতি গ্রহণ করতে চাইলেও নতুন এক বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
বৈশ্বিক জ্বালানি সঙ্কটের জন্য তীব্র লোডশেডিংয়ের কবলে মেঘনা উপজেলা। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটানা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে তাড়া বেশ ভয়ে আছে। একদিকে, শিক্ষামন্ত্রীর পরীক্ষা কড়াকড়ির হুঁশিয়ারি আরেকদিকে, লোডশেডিংয়ের কারণে আশানুরূপ প্রস্তুতি নিতে বাধাগ্রস্ত হওয়া। সবকিছু মিলিয়ে পরীক্ষার ফলাফল কতটুকু ভালো করতে পারবে তা নিয়েই চিন্তিত তারা।
এদিকে, এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে মেঘনার অধিকাংশ গ্রামে বিদ্যুৎ থাকা না থাকার অনুপাত ১:২। অর্থাৎ, ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী ২ ঘণ্টা থাকে না। এই সমীকরণে ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে এবং ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য লোডশেডিং হ্রাসকরণে শিক্ষকরা কোনো ব্যবস্থা নিয়েছে কি না জানতে চাইলে মুজাফফর আলী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বার্তা উন্মোচনকে জানান, শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় আনার জন্য ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। আশা করছেন শিক্ষার্থীদের কল্যাণার্থে একটি ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবেন।
মেঘনা উপজেলা বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নাম) বলেন, বিষয়টি তার নিয়ন্ত্রণে নেই। এটি উর্ধ্বতন কর্মকর্তাদের বিবেচনার বিষয়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা যদি কোনো পদক্ষেপ নেন তাহলে লোডশেডিংয়ের পরিমান কমে আসবে বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দাউদকান্দি ও মেঘনা কানিজ আফরোজ বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা গত বুধবার (১৫ এপ্রিল) সভা করেছি। সেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, লোডশেডিংয়ের পরিমাণ কমিয়ে আনা হবে।
নিশ্চুপ ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠন
পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে লোডশেডিংয়ের পরিমাণ কমাতে সংশ্লিষ্ট দফতর বরাবর কোনো বিবৃতি কিংবা স্মারকলিপি দিতে দেখা যায়নি মেঘনার কোনো ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনকে।
এই বিষয়ে মেঘনা উপজেলা উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য ও মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের ফাউন্ডার ও প্রেসিডিয়াম মেম্বার সাকিব মিয়াজি জানিয়েছেন, তারা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু ভাবেননি।
তবে বিষয়টি নির্বাহী হাউসে আলোচনা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে, আদর্শ মেঘনা সামাজিক সংগঠনকেও এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

প্রতিবেদক 








