প্রায় এক মাস হলো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তিনি যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী।
আমেরিকায় শাকিবের বাহুডোরে বুবলীকে দেখে সোশ্যাল মিডিয়া মেতেছিল নানা আলোচনা সমালোচনায়। তবে শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন তা নয়া, সেটা বোঝা গেল তার সর্বশেষ ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে।
গতকাল (শুক্রবার) তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড়পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’
শাকিব খান আরো উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’ শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার, যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে।
এদিকে, শাকিব এবার বিদেশে যাওয়ার আগেই গুঞ্জন ওঠে হলিউডের বাংলাদেশি আসিফ আকবরের হাত ধরে হলিউডে নাম লেখাতে চলেছেন শাকিব খান। এ ব্যাপারে সে সময় বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছিলেন আসিফ।
তাই শাকিবের স্টোরিতে ‘স্মরণীয় এবং আইকনিক’ শব্দ দুটির উল্লেখ থাকায় অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন যে, শাকিবের হলিউডে অভিষেকের বিষয়টি তাহলে সত্যি হতে যাচ্ছে।
এদিকে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত প্রথম সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।
শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা মুক্তির পর সারা দেশে সাড়া ফেলেছিল।

প্রতিবেদক 















