মো: আলাউদ্দিন
কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে মানিকাচর বাজার থেকে শুরু করে মেঘনা থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মেঘনা হাইওয়ে সড়কের পাশে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,সাখাওয়াত হোসেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে রাধানগর ইউনিয়নের কাঠালিয়া নদীপথে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন এবং ইমরানসহ একাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন বলেও স্থানীয়রা জানান।
মানববন্ধনে মেঘনা থানা বিএনপির সদস্যসচিব আজহারুল হক শাহীন বলেন,“৫ আগস্ট পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেন চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল ও কিছু নামধারী নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তাঁকে নৌ-পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ সময় চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যাহারের দাবিও জানানো হয়। পাশাপাশি মামলার এজাহারে উল্লেখিত ৭ নম্বর আসামি রিফাত এক বছর আগে বিদেশে গেলেও তাঁকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
অন্যদিকে, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, শীর্ষ চাঁদাবাজ জিয়া এবং সংগঠক শুকানি শফিকের দেওয়া তথ্য, গোপন সংবাদের ভিত্তি এবং আদালতের নির্দেশনার আলোকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, চাঁদাবাজি দমনে কোনো ধরনের দলীয় বিবেচনা নেই। আদালত তাঁকে নির্দোষ মনে করলে তিনি মুক্তি পাবেন। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, নেতা আশরাফুল হক কুসুম ভূঁইয়া, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম সরকার, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল, মহিলা দল নেত্রী জাহানারা বেগম ও রুমা আক্তার, ছাত্রদল নেতা কেফায়েত উল্লাহ ও আসিফুল ইসলামসহ আরও অনেকে।

প্রতিবেদক 








