জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সমাবেশে নিজের ভাঙ্গা পা নিয়ে যোগ দিয়েছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের কর্মী ময়ুখ মাহবুব। তিনি কলেজটির ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তেজগাঁও কলেজের রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে এসেছেন ময়ুখ। তবে পায়ে প্লাস্টার থাকায় সড়কের ডিভাইডারের ওপরে বসে আছেন।
ছাত্রদল কর্মী ময়ুখ বার্তা২৪.কমকে বলেন, গত ৬ জুলাই ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সে দিন রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের ককটেল হামলায় আহত হয়েছি। এতে আমার পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। ১১ দিন সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখনো সুস্থ হতে সময় লাগবে।
আরও পড়ুন
» তিন সংগঠনের কর্মসূচি ঘিরে রাজধানীতে ‘অসহনীয়’ যানজট
শরীরের এ অবস্থায় সমাবেশে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি আমার আবেগ। পরিবারের নিষিদ্ধ উপেক্ষা করে সব প্রগ্রামে যোগ দিয়েছি। আজকেও এসেছি। আমার সহযোদ্ধারা সহযোগিতা করছেন।
রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
এ দিকে সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আসছেন। শৃঙ্খলার সঙ্গে পূর্বনির্ধারিত স্থানে নেতাকর্মীরা অবস্থান করছেন।

প্রতিবেদক 










